প্রিন্ট এর তারিখঃ Apr 18, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 13, 2026 ইং
মির্জাপুরে মন্দিরে হামলা চালিয়ে প্রতিমা ভাংচুর, আটক ১

রামকৃষ্ণ সাহা রামা, টাঙ্গাইল জেলা প্রতিনিধি
টাঙ্গাইলের মির্জাপুরে রাতের আধারে মন্দিরে হামলা চালিয়ে প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা। রোববার গভীর রাতে উপজেলার জামুর্কী ইউনিয়নের জামুর্কী গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, জামুর্কী গ্রামের ডাকঘরের কাছেই অবস্থিত প্রাচীন বারোয়ারী মন্দিরে রাতের আধারে কে বা কাহারা হামলা চালিয়ে মন্দিরে থাকা কালি, মহাদেব, ডাকিনী যোগিনী, হনুমান ও বুড়িমা প্রতিমা ভাংচুর করে। সকালে পুজারীরা মন্দিরে গিয়ে ভাংচুর হওয়া প্রতিমা দেখতে পান। পরে ওই এলাকার হিন্দু সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার খান সালমান হাবীব, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এই ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ওই গ্রামের কবির হাসেনের ছেলে ইসমাইল (৩০) নামে এক যুবককে আটক করেছে। ভাংচুর হওয়া প্রতিমাগুলি হিন্দু সম্প্রদায়ের লোকজন বিষর্জন দিয়েছে বলে মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) কামরুল জানান।
জামুর্কী গ্রামের দিলিপ কুমার সাহা বলেন, দীর্ঘদিন ধরে আমরা এই বারোয়ারি মন্দিরে পূজা করে আসছি। নিরাপত্তার জন্য কোন ব্যবস্থার প্রয়োজন হয়নি। এমন ঘটনা ঘটবে, কখনো ভাবিনি।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, মন্দিরের প্রতিমা ভাংচুরের ঘটনায় একজনকে আটক করা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চ্যানেল দিগন্ত