প্রিন্ট এর তারিখঃ Apr 18, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 7, 2026 ইং
মান্দায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ, ‘সংবাদ সম্মেলনের’ প্রতিবাদে উত্তাল রাজনৈতিক অঙ্গন

নওগাঁ-৪ (মান্দা) আসনের মাননীয় সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী টিপুর বিরুদ্ধে করা সাম্প্রতিক সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে মান্দা উপজেলায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। উক্ত সংবাদ সম্মেলনকে “ষড়যন্ত্রমূলক, ভিত্তিহীন ও মানহানিকর” আখ্যা দিয়ে এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এক সমাবেশে মিলিত হয়। সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ অভিযোগ করেন, পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল করার অপচেষ্টা চালানো হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সম্পাদক আব্দুল্লাহেল কাফি, যুব নেতা আল মামুন, ওবায়দুল হক জীবন, শামীম হোসেন এবং ছাত্রদল নেতা রিসালাত ই সাজিদসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, “সংবাদ সম্মেলনের মাধ্যমে যেসব অভিযোগ উত্থাপন করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। এ ধরনের অপপ্রচার জনগণকে বিভ্রান্ত করার একটি সুপরিকল্পিত চেষ্টা।”
বক্তারা আরও দাবি জানান, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে বহিষ্কার করতে হবে। পাশাপাশি তথাকথিত ‘পকেট কমিটি’ বাতিলেরও জোর দাবি তোলেন তারা।
সমাবেশে নেতাকর্মীরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ভবিষ্যতে এ ধরনের বিভ্রান্তিকর কর্মকাণ্ড বন্ধ না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
এ ঘটনায় মান্দা উপজেলার রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে বলে জানা গেছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চ্যানেল দিগন্ত