প্রিন্ট এর তারিখঃ Apr 18, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 4, 2026 ইং
সাচার পাবলিক স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

কচুয়া
প্রতিনিধি | মোঃ আবু ইউসুফ উদয়
চাঁদপুরের কচুয়া উপজেলার ১নং সাচার ইউনিয়নে অবস্থিত সাচার পাবলিক স্কুলের
বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান
অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ এপ্রিল) সকাল ৯টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ
অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের
উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে
অংশগ্রহণ করে। তারা গান, কবিতা আবৃত্তি, ইসলামী সংগীত ও কোরআন তেলাওয়াত
পরিবেশন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। বিচারকদের নিরপেক্ষ মূল্যায়ন ও
পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের ভিত্তিতে বিজয়ীদের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয়
স্থান নির্ধারণ করে পুরস্কার প্রদান করা হয়।
পুরস্কার পেয়ে শিক্ষার্থী ও
তাদের অভিভাবকদের মাঝে আনন্দের উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।
অভিভাবকরা বিদ্যালয়ের শিক্ষার মান ও সার্বিক কার্যক্রমের প্রশংসা করে বলেন,
স্বল্প ব্যয়ে এমন মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান তাদের জন্য আশীর্বাদস্বরূপ।
তারা বিদ্যালয়ের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী
মনোনীত ১নং সাচার ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও বিশিষ্ট শিক্ষানুরাগী
অধ্যক্ষ মনির হোসেন হেলালী। প্রধান অতিথির বক্তব্যে তিনি শিক্ষার্থীদের
পরিবেশনা দেখে সন্তোষ প্রকাশ করে বলেন, “শিশুদের মেধা ও প্রতিভার এমন বিকাশ
সত্যিই প্রশংসনীয়। সাচার পাবলিক স্কুল যদি এ ধারাবাহিকতা বজায় রাখতে পারে,
তবে ভবিষ্যতে এটি এ অঞ্চলের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে,
ইনশাআল্লাহ।”
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আবু তাহের মাসুমের সভাপতিত্বে এবং
প্রতিষ্ঠাতা পরিচালক সদস্য গাজী ইমরানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি
প্রফেসর মফিজুল ইসলাম, রেনেসাঁ গ্রুপের ডিরেক্টর জিয়াউদ্দিন মজুমদার, কচুয়া
কিন্ডার গার্ডেনের সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, মেধা বিকাশ কোচিং সেন্টারের
পরিচালক মোস্তফা কামাল, বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি মাস্টার নাসির
উদ্দিন, শিক্ষানুরাগী মাসুদুল ইসলাম প্রধানসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট
ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানায় বিদ্যালয়
কর্তৃপক্ষ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চ্যানেল দিগন্ত