
হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর পৃথক অভিযানে প্রায় ১ কোটি টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য জব্দ করা হয়েছে। আটক পণ্যের মধ্যে রয়েছে ব্যথানাশক ও চেতনানাশক ওষুধ, জিরা, বিভিন্ন ধরনের কসমেটিকস এবং একটি মাহিন্দ্র ট্রাক।
বিজিবি সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সীমান্ত এলাকায় একাধিক বিশেষ অভিযান পরিচালনা করে এসব পণ্য আটক করে।
প্রথম অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে হরিণছড়া বিওপির একটি দল মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার টিপরাছড়া এলাকায় অবস্থান নেয়। ২৩ মার্চ রাত প্রায় ৩টার দিকে একটি সন্দেহভাজন মাহিন্দ্র ট্রাক থামানোর সংকেত দিলে চালক ট্রাকটি রাস্তার পাশে ফেলে পালিয়ে যায়। পরে তল্লাশি করে ট্রাকের ভেতরে বস্তার মধ্যে সুকৌশলে লুকানো বিপুল পরিমাণ নিম্নমানের ভারতীয় কসমেটিকস উদ্ধার করা হয়।
অন্যদিকে, একই দিনে বিকেলে মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ড ভ্যান থেকে কীটনাশক ও সারের বস্তার ভেতরে লুকানো অবৈধ ব্যথানাশক ও চেতনানাশক ওষুধ এবং কসমেটিকস উদ্ধার করা হয়।
এছাড়া, রাত প্রায় ১০টার দিকে আরেকটি অভিযানে একটি ট্রাক তল্লাশি করে বালুর নিচে লুকানো বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ করা হয়।
আটককৃত পণ্য ও ব্যবহৃত যানবাহনের মোট সিজার মূল্য আনুমানিক ১ কোটি টাকা। জব্দকৃত মালামাল সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
বিজিবি জানিয়েছে, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।