
হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের সাতছড়ি সীমান্ত এলাকার দুর্গম পাহাড়ি বনাঞ্চল থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ১০ হাজার টাকা।
বিজিবি সূত্রে জানা যায়, ১৮ মার্চ ২০২৬ তারিখে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধীন সাতছড়ি বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলার সীমান্তবর্তী সংরক্ষিত বনাঞ্চলে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে বিকেল প্রায় ৫টার দিকে সীমান্ত থেকে প্রায় ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সেগুন বাগান এলাকায় কয়েকজন চোরাকারবারীকে বস্তা বহন করতে দেখে বিজিবি সদস্যরা ধাওয়া করেন। এ সময় চোরাকারবারীরা বস্তাগুলো ফেলে দ্রুত পাহাড়ি বনাঞ্চলের ভেতরে পালিয়ে যায়।
পরে ফেলে যাওয়া বস্তা তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় ৭০ বোতল ভারতীয় মদ এবং ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
বিজিবি আরও জানায়, চলতি মাসে তাদের পরিচালিত বিভিন্ন অভিযানে মোট ১৫৯ কেজি গাঁজা এবং ২০৪ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে।
উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত সুরক্ষা ও মাদক পাচার রোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।