প্রিন্ট এর তারিখঃ Mar 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 14, 2026 ইং
চান্দিনার বশিকপুরে আল খিদমাহ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল
কচুয়া প্রতিনিধি, মোঃ আবু ইউসুফ উদয়
কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার বশিকপুর গ্রামে আল খিদমাহ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) বিকাল ৩টায় বশিকপুর গ্রামে অবস্থিত আল খিদমাহ ফাউন্ডেশনের কার্যালয়ে এ মাহফিলের আয়োজন করা হয়। আয়োজক সূত্রে জানা যায়, পবিত্র মাহে রমজান উপলক্ষে বশিকপুর গ্রামের আটটি মসজিদে প্রায় ৮০০ থেকে ১০০০ রোজাদারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার পেয়ে এলাকার মুরুব্বি ও রোজাদাররা সন্তোষ প্রকাশ করেন এবং আয়োজকদের ধন্যবাদ জানান।
স্থানীয়রা জানান, আল খিদমাহ ফাউন্ডেশন একটি মানবতাবাদী ও সমাজসেবামূলক সংগঠন। সংগঠনটি দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এর মধ্যে বৃক্ষরোপণ কর্মসূচি, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা সামগ্রী বিতরণ, শিক্ষাবৃত্তি প্রদান, অসহায় মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা এবং পবিত্র রমজান মাসে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ উল্লেখযোগ্য।
এছাড়া ঈদ উপলক্ষে দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণসহ বিভিন্ন দাতব্য কার্যক্রমও পরিচালনা করে আসছে সংগঠনটি। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মজিবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের অন্যতম উপদেষ্টা আলহাজ রুস্তম আলী মাস্টার।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আল খিদমাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য নাসির উদ্দিন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক এবং সাচার ইসলামিয়া আলিম মাদ্রাসার শিক্ষক আব্দুল কাদের মাস্টার, নাঈমুল ইসলাম রিয়াজ, আমানুল্লাহ, হাফেজ শাহজালাল, তাজুল ইসলাম, নুরুল ইসলাম, মুসলিম উদ্দিন, মাওলানা বেলাল হোসেন ও মাওলানা নাসির উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা সমাজের অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান এবং আল খিদমাহ ফাউন্ডেশনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চ্যানেল দিগন্ত