প্রিন্ট এর তারিখঃ Mar 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 8, 2026 ইং
দিনাজপুরের কাহারোলে ১২ কিলোমিটার খাল খনন কার্যক্রম পরিদর্শন করলেন পানি সম্পদ মন্ত্রী

মো. সিয়াম খান, জেলা প্রতিনিধি, দিনাজপুর
দিনাজপুরের কাহারোল উপজেলায় চলমান ১২ কিলোমিটার দীর্ঘ খাল খনন কর্মসূচি পরিদর্শন করেছেন পানি সম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, এমপি। রবিবার (৮ মার্চ ২০২৬) দুপুর ১২টার দিকে তিনি উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের বলরামপুর সাহাপাড়া গ্রামে সরেজমিনে পৌঁছান। এ সময় মন্ত্রী খাল খনন কাজের বর্তমান অগ্রগতি এবং বাস্তবায়নাধীন কার্যক্রমসমূহ বিস্তারিতভাবে পরিদর্শন করেন।
পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, এমপি এবং দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম। সরকারের এই গুরুত্বপূর্ণ প্রকল্পের কাজ সঠিক মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন মন্ত্রী।
এ সময় পরিদর্শন কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার আমিনুল ইসলাম, দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম এবং দিনাজপুর জেলার পুলিশ সুপার জেদান আল মামুন। প্রশাসনের উচ্চপদস্থ এই কর্মকর্তাদের উপস্থিতিতে প্রকল্পের খুঁটিনাটি বিষয়গুলো পর্যালোচনা করা হয়। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এই পরিদর্শনে অংশ নেন।
উল্লেখ্য, ১২ কিলোমিটার দীর্ঘ এই খাল খনন প্রকল্পটির মাধ্যমে স্থানীয় কৃষি ও সেচ ব্যবস্থায় ব্যাপক উন্নয়ন আসবে বলে আশা করা হচ্ছে। প্রকল্প এলাকা পরিদর্শনের মাধ্যমে সরকারের এই উন্নয়ন কর্মকাণ্ডের গতি আরও ত্বরান্বিত হবে বলে স্থানীয়রা মনে করছেন। খাল খনন কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হলে অত্র এলাকার জলাবদ্ধতা নিরসনসহ কৃষি উৎপাদন বৃদ্ধিতে প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চ্যানেল দিগন্ত