
মো: ইমরান আলী, রিপোর্টার (নীলফামারী)
নীলফামারীর ডিমলা থানা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত এক ইফতার মাহফিলে ‘বিতর্কিত’ এক ব্যক্তির উপস্থিতিকে কেন্দ্র করে প্রশাসনের ভেতরে-বাইরে অস্বস্তি ও সমালোচনার সৃষ্টি হয়েছে। আন্তর্জাতিক মানবপাচার চক্রের সদস্য হিসেবে গত বছর র্যাবের হাতে গ্রেপ্তার হওয়া নুরল ইসলাম নামের ওই ব্যক্তিকে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সাথে একই কাতারে দেখা যাওয়ায় এলাকায় নানা প্রশ্ন উঠেছে। গত মঙ্গলবার (৩ মার্চ ২০২৬) ডিমলা থানায় আয়োজিত এই ইফতার ও দোয়া মাহফিলে জেলা পুলিশ সুপার (এসপি) শেখ জাহিদুল ইসলাম পিপিএম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি) এবং উপজেলা কৃষি কর্মকর্তার মতো উচ্চপদস্থ কর্মকর্তাদের পাশে ওই বিতর্কিত ব্যক্তির অংশগ্রহণ সাধারণ মানুষের মাঝে বিস্ময় সৃষ্টি করেছে।
অনুসন্ধানে জানা গেছে, ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক মানবপাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নুরল ইসলামকে রাজধানী থেকে গ্রেপ্তার করেছিল র্যাব। সে সময় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাকে বড় একটি পাচার চক্রের সক্রিয় সদস্য হিসেবে অভিহিত করা হয়। সংশ্লিষ্ট সূত্রমতে, গ্রেপ্তারের তিন মাস পর মামলাটি নিষ্পত্তি হলেও তিনি আদালত থেকে খালাস পেয়েছেন নাকি প্রভাব খাটিয়ে অব্যাহতি নিয়েছেন, তা নিয়ে স্থানীয় পর্যায়ে ধূম্রজাল রয়েছে। স্থানীয়দের ভাষ্যমতে, গত ৭-৮ বছরে নুরল ইসলাম ‘আলাদিনের চেরাগ’ পাওয়ার মতো হাজার কোটি টাকার সম্পদের মালিক হয়েছেন। নামে-বেনামে বিপুল পরিমাণ আবাদি জমি, বিলাসবহুল গাড়ি ও বাড়ির মালিকানা নিয়ে জনমনে প্রশ্ন থাকলেও প্রশাসনের প্রভাবশালী মহলের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে কেউ মুখ খুলতে সাহস পান না।
এলাকার সচেতন মহলের মতে, যেখানে অনেক রাজনৈতিক দলের সিনিয়র নেতাদেরও আমন্ত্রণ জানানো হয়নি, সেখানে একজন বিতর্কিত ব্যাকগ্রাউন্ডের ব্যক্তির সরব উপস্থিতি পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। এই ইফতার মাহফিলের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনদের মাঝে অস্বস্তি ও ক্ষুব্ধ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। একজন মানবপাচার মামলার আসামির সাথে প্রশাসনের কর্মকর্তাদের এমন সখ্যতা সাধারণ মানুষের মাঝে ভুল বার্তা দিচ্ছে বলে অনেকেই মন্তব্য করেছেন। বিতর্কিত ব্যক্তির উপস্থিতির বিষয়ে ডিমলা থানা পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে এলাকায় সাধারণ মানুষের মাঝে ব্যাপক গুঞ্জন ও অসন্তোষ বিরাজ করছে।