প্রিন্ট এর তারিখঃ Mar 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 6, 2026 ইং
আলীকদমে তামাক পোড়ানোর চুল্লিতে আগুন: ৩ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি
মুহাম্মদ সালাহ উদ্দীন, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি
বান্দরবানের আলীকদম উপজেলায় তামাক পোড়ানোর একটি চুল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ মার্চ ২০২৬) রাত আনুমানিক ৮টার দিকে ৩ নং নয়াপাড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের আনসার মেম্বার পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার বাসিন্দা মোঃ আনোয়ার হোসেনের মালিকানাধীন তামাক পোড়ানোর চুল্লিতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো চুল্লিতে ছড়িয়ে পড়ে। আগুন লাগার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করেন।
পরবর্তীতে খবর পেয়ে আলীকদম ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় আগুন আশপাশের বসতবাড়িতে ছড়াতে না পারলেও চুল্লিতে থাকা বিপুল পরিমাণ তামাক এবং চুল্লির অবকাঠামো পুড়ে ছাই হয়ে গেছে। চুল্লির মালিক মোঃ আনোয়ার হোসেন জানান, হঠাৎ আগুন লেগে যাওয়ায় তার তামাক পোড়ানোর চুল্লি ও সেখানে মজুদ করা সব তামাক পুড়ে গেছে। এতে তার প্রায় ৩ লক্ষ টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেছেন।
অগ্নিকাণ্ডের সঠিক কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তামাক শুকানোর সময় আগুনের উত্তাপ থেকে এই দুর্ঘটনার সূত্রপাত হতে পারে। স্থানীয় সচেতন মহলের মতে, তামাক পোড়ানোর চুল্লিগুলোতে পর্যাপ্ত অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এ ধরনের দুর্ঘটনা বারবার ঘটছে। ভবিষ্যতে বড় ধরনের জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে চুল্লিগুলোতে সতর্কতামূলক ব্যবস্থা জোরদার করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। বর্তমানে ওই এলাকায় অগ্নিকাণ্ডের আতঙ্ক কাটলেও ক্ষতিগ্রস্ত কৃষক আনোয়ার হোসেন সহায়-সম্বল হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চ্যানেল দিগন্ত