
সেলিম রেজা, জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের সলঙ্গা এলাকায় মহাসড়কের পাশে অবৈধভাবে গড়ে ওঠা প্রায় দুই শতাধিক দোকান উচ্ছেদ করেছে প্রশাসন। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে উত্তরবঙ্গমুখী যানবাহনের চাপ সামাল দেওয়া এবং মহাসড়কে যানজট নিরসনের লক্ষ্যেই বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) সকালে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। হাটিকুমরুল ইন্টারচেঞ্জ-সংলগ্ন বিশ্বরোড এলাকায় ঢাকা–বগুড়া, ঢাকা–পাবনা ও ঢাকা–নাটোর মহাসড়কের দুই পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনাগুলোতে এই অভিযান চালানো হয়। অভিযানে সলঙ্গা থানা পুলিশ, হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ এবং সড়ক ও জনপথ বিভাগের (সওজ) কর্মকর্তারা অংশ নেন। অভিযানে বুলডোজার ব্যবহার করে সড়ক ও জনপথের জায়গা দখল করে গড়ে তোলা দোকানপাটগুলো গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা জানান, পবিত্র ঈদকে সামনে রেখে উত্তরবঙ্গগামী যানবাহনের চাপ স্বাভাবিক সময়ের চেয়ে কয়েকগুণ বেড়ে যায়। মহাসড়কে নিরবচ্ছিন্ন ও নিরাপদ যান চলাচল নিশ্চিত করতে এবং সম্ভাব্য যানজট এড়াতেই এই অবৈধ স্থাপনাগুলো অপসারণ করা হচ্ছে। অভিযান চলাকালে মহাসড়কের জায়গা দখলকারীদের সতর্ক করে দিয়ে সংশ্লিষ্টরা জানিয়েছেন, ভবিষ্যতে মহাসড়কের পাশে নতুন করে কোনো অবৈধ দোকান বা স্থাপনা গড়ে তোলা হলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনের এমন পদক্ষেপে মহাসড়কটি যানজটমুক্ত থাকবে বলে আশা করা হচ্ছে।
উচ্ছেদ অভিযানে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা সরফরাজ, হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অভিযানের সময় স্থানীয়দের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা না করার জন্য বিশেষ নির্দেশনা দেওয়া হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মহাসড়কের শৃঙ্খলা বজায় রাখতে ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। স্থানীয় সচেতন মহল প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এবং ঈদের পূর্বেই মহাসড়ক দখলমুক্ত করার এই উদ্যোগকে সময়োপযোগী বলে আখ্যায়িত করেছেন।