
মোঃ আবু ইউসুফ উদয়, কচুয়া প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চাঁদপুর-১ (কচুয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুহাদ্দিস আবু নছর আশরাফী বলেছেন, রোজা মানুষকে আত্মসংযম ও নৈতিক দৃঢ়তার শিক্ষা দেয়। বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) বিকেলে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাগদৈল অঞ্চলের উদ্যোগে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, পবিত্র রমজান আমাদের এমন এক দীক্ষা দেয় যেখানে আল্লাহ ও তাঁর রাসূলের নির্দেশনার পরিপন্থী কোনো আদেশ বা কাজ—যেই বলুক না কেন—তা কোনোভাবেই অনুসরণ করা যাবে না। একজন প্রকৃত মুমিন প্রতিটি ক্ষেত্রে আল্লাহর বিধানকেই জীবনের সর্বোচ্চ মানদণ্ড হিসেবে গ্রহণ করে।
প্রধান অতিথির বক্তব্যে মুহাদ্দিস আবু নছর আশরাফী আরও বলেন, রমজান কেবল সারাদিন না খেয়ে থাকার নাম নয়; এটি আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন এবং সমাজকে অন্যায়-অসত্য থেকে মুক্ত করার এক অনন্য প্রশিক্ষণ। ব্যক্তি, পরিবার ও রাষ্ট্রীয় জীবনের প্রতিটি স্তরে আল্লাহভীতি প্রতিষ্ঠিত হলে একটি সুখী ও ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। তিনি বর্তমান সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণ সমাজকে ইসলামের আদর্শে নিজেদের চরিত্র গঠন করার আহ্বান জানান এবং নৈতিক অবক্ষয় রোধে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করার গুরুত্ব তুলে ধরেন।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ১নং ইউনিয়নের সভাপতির সভাপতিত্বে এবং সাবেক দায়িত্বশীল আঃ রাজ্জাক সরদারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের চাঁদপুর জেলার সাবেক সভাপতি মনির হোসাইন হেলালী ও কচুয়া উত্তর সাংগঠনিক থানা শাখার সভাপতি তৌফিক ওমর ফাহিম। এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামী ১নং সাচার ইউনিয়নের আমির মীর মোহাম্মদ অহিদুজ্জামানসহ জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইফতারের পূর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।