
মো. আজিজুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধি
ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হযরত আয়াতুল্লাহ আল-উজমা সাইয়্যেদ আলী হোসাইনী খামেনেয়ীর শাহাদাত বরণে নড়াইলে গভীর শোক ও সমবেদনা জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ ২০২৬) সকাল সাড়ে ১০টায় নড়াইল প্রেসক্লাবের সামনে সদর উপজেলার উজিরপুরস্থ ‘মসজিদ আল আবু তালিব (আ.)’-এর উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। সম্প্রতি ইরান-ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের মধ্যে খামেনেয়ীর শাহাদাতের খবর ছড়িয়ে পড়লে নড়াইলের স্থানীয় ধর্মপ্রাণ মুসলিমদের মাঝে শোকের ছায়া নেমে আসে। আয়োজিত এই সমাবেশে স্থানীয় শতশত নারী ও পুরুষ অংশগ্রহণ করে তাদের সংহতি প্রকাশ করেন।
বিক্ষোভ সমাবেশে বক্তারা আয়াতুল্লাহ খামেনেয়ীর জীবন ও দর্শনের ওপর গুরুত্বারোপ করে বক্তব্য প্রদান করেন। সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা ইয়ানুর হুসাইন, মাওলানা মো. ওহিদুল ইসলাম, জয়নুল আবেদীন, রেশমা খাতুন ও পারভীন সুলতানা প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে বলেন, "আয়াতুল্লাহ খামেনেয়ীর মৃত্যুতে মুসলিম উম্মাহ একজন বলিষ্ঠ অভিভাবক ও আধ্যাত্মিক নেতাকে হারালো। তিনি আজীবন সাম্রাজ্যবাদ, আধিপত্যবাদ ও অন্যায়ের বিরুদ্ধে আপসহীনভাবে সোচ্চার ছিলেন।" তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বিশ্ব সম্প্রদায়ের কাছে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির জোরালো দাবি জানান।
সমাবেশকে কেন্দ্র করে নড়াইল প্রেসক্লাব ও সংলগ্ন এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা লক্ষ্য করা গেছে। বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত সভার মাধ্যমে শেষ হয়। বক্তারা আরও বলেন, খামেনেয়ীর দেখানো পথে মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ থাকলে কোনো অপশক্তিই ইসলামকে দমন করতে পারবে না। সমাবেশ শেষে শোকসন্তপ্ত মুসলিম বিশ্বের প্রতি গভীর সমবেদনা জানিয়ে এবং ফিলিস্তিনসহ নির্যাতিত মুসলিম দেশগুলোর মুক্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে উপস্থিত জনতা আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন।